সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম ওই গ্রামের বরাদ আলীর ছেলে এবং ইউনুস আলী মৃত ফাজিল উদ্দিনের ছেলে। পেশায় তারা দুজনই ব্যবসায়ী।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহিদুল ইসলাম ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের ঘরে সংরক্ষিত ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। জব্দ করা চালের উৎস সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মতিন জানান, জব্দ করা চালগুলো ভিজিএফ প্রকল্পের বলে ধারণা করা হচ্ছে। প্রতিমাসে দুস্থ কার্ডধারী নারীদের ৩০ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে দেওয়া হয়। স্থানীয়ভাবে জানা গেছে, অনেক ক্ষেত্রে কার্ডধারীরা এসব চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
শু/বার্তা বাজার






