ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দীদের মুক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে মহাসড়ক আটকে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় প্রায় ২০ মিনিট শরীয়তপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় এ মিছিল হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ব্যানার হাতে নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তাদের কয়েকজনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাও দেখা যায়।
মিছিল চলাকালে সড়কের ওপর অবস্থান নেওয়ায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে জানতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।






