পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বললেন, বিরোধী দলের লংমার্চ কর্মসূচি থেকে উৎসাহিত হয়ে ফ্যাসিস্টদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মিছিল করছে। তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যারা এতে উৎসাহ দিচ্ছে, তারা দেশের শান্তি-শৃঙ্খলা চায় না।
মো. শরীফুল আলম বলেন, দেশের জনগণকে সচেতন থাকতে হবে, যাতে কোনো অপশক্তি বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটের সমর্থনে ক্ষমতায় এসেছে। যদি চলে যেতে হয়, তাহলে জনগণের সমর্থনের মাধ্যমেই চলে যাবে। আমাদের এই সাহস ও শক্তি রয়েছে। আমরা জনগণের সরকার।
তেল ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পাঁচ-ছয় মাসের মাথায় হঠাৎ এমন কী সমস্যা হয়েছে যে লাখ লাখ লিটার তেল ও গ্যাস পুড়িয়ে লংমার্চ করতে হবে? এতে কি রাষ্ট্রের সম্পদের অপচয় হয়নি?
তবে দেশে তেল-গ্যাসের কিছুটা সমস্যা হচ্ছে স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, সরকার দ্রুত এর স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। জনগণের সাময়িক অসুবিধার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে বলেছেন, আমরা নিরবচ্ছিন্নভাবে তেল-গ্যাস সরবরাহ দিতে পারছি না। কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের সরকার অল্প সময়ের মধ্যে দেশের তেল-গ্যাসের সমস্যা স্থায়ীভাবে সমাধান করবে।
পরে ভৈরবের স্টেডিয়ামসংলগ্ন হাইওয়ে থানার পেছনে একটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে গোছামারা গ্রামে তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এআর






