রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক সাবেক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ঢাকা জজকোর্টের সাবেক আইনজীবী ছিলেন।
লালবাগের শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির একটি বাসা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে আনোয়ারের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল এবং তিনি অনলাইনেও সক্রিয় ছিলেন না।
তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর আনোয়ার লালবাগের ওই ভাড়া বাসায় ওঠেন। মায়ের মৃত্যুর পর থেকে তিনি আলাদা থাকা শুরু করেন। পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনের সঙ্গে তার খুব একটা যোগাযোগ ছিল না। তিনি অবিবাহিত ছিলেন এবং কিছুটা নেশাগ্রস্ত ও ডিপ্রেশনে ছিলেন। চার ভাই-বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট।
সহকর্মী অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, আনোয়ার মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তিনি কারও সঙ্গে তেমন মেলামেশা করতেন না এবং আদালতে নিয়মিত আসতেন না। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যায় তিনি বেশ কিছুদিন ধরে চরম বিষণ্ণতায় ভুগছিলেন।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, পাশের বাসার এক ভাড়াটিয়া ঘরে আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।






