রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।
শনিবার বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইন্সে নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা। সভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির (সদ্য বিলুপ্ত র্যালব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ, এসআরবি-২ এর অধিনায়ক নয়মুল হাসান, মোহাম্মদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপিপ্রধান বলেন, কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। পুলিশের একার পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। জনতার প্রতিরোধ সবচেয়ে বড় শক্তি। পুলিশকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বাসিন্দারা যদি এলাকাভিত্তিক প্রতিরোধ করেন, তাহলে কোনো মাদক, কিশোর গ্যাং থাকতে পারবে না। কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না।
সভায় মোহাম্মদপুরের নাগরিকরা তাদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই–এই তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও মাদকের স্পটের তালিকা পুলিশের কাছে আছে জানিয়ে মোসলেহ উদ্দিন বলেন, আমরা সেই তালিকা ধরে ধরে অভিযান করছি। পুলিশের সব ফোর্সকে এই নির্দেশনা দিচ্ছি, মোহাম্মদপুরের প্রতিটি মাদক স্পটে অভিযান আরও জোরালো করতে হবে। অটোরিকশা ও রিকশার গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান চালাতে হবে। গ্যারেজের ভেতর রাতে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, গত তিন মাসের সঙ্গে আগের তিন মাসের অপরাধের পরিসংখ্যান তুলনা করলে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের ক্ষেত্রে উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে। তবে শুধু পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা ঠিক নয়।
মোহাম্মদপুর থানা এলাকায় বিট পুলিশিং আরও শক্তিশালী করার নির্দেশ দিয়ে তিনি বলেন, আটটি বিটের কর্মকর্তাদের শক্তিশালী করার পাশাপাশি তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।






