ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় ও মিয়ানমারের ইলিশ বাংলাদেশে: ২৫২ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

ভারতীয় ও মিয়ানমারের ইলিশ বাংলাদেশে: ২৫২ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি!

ভারতের ইলিশের বড় একটি অংশ আসছে বাংলাদেশে। ভারতীয় ইলিশের পাশাপাশি মিয়ানমারের ইলিশও ঢ়ুকছে দেশের বাজারে। বেনাপোলসহ বিভিন্ন বাজারে কম দামে এসব বিদেশি ইলিশ বিক্রি হলেও ক্রেতাদের অনেকের কাছে তা ‘পদ্মার ইলিশ’ বা দেশি ইলিশ বলে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, ভারত থেকে আমদানি করা এক কেজি ইলিশের দাম শুল্ক ও পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে ৫১৪ টাকা পড়ে। অথচ সেই মাছই বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে। বিপরীতে একই আকারের দেশি ইলিশের দাম প্রায় ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা কেজি। ফলে কম দামের কারণে ক্রেতাদের বড় একটি অংশ বিদেশি ইলিশের দিকে ঝুঁকছেন। অন্যদিকে বিদেশি ইলিশকে দেশি ইলিশের পরিচয়ে বিক্রি করায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং দেশি ইলিশের ব্যবসায়ীরাও বাজার হারাচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।

কাস্টমস ও ফিশারিজ কোয়ারেন্টাইন সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৭ কেজি ইলিশ আমদানি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ২৯ হাজার ৪৪০ কেজি এবং আগস্টে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ এসেছে।

দুই মাসে আমদানি করা এসব ইলিশের ঘোষিত মূল্য প্রায় ৬ কোটি ৯২ লাখ টাকা। জুলাইয়ে আমদানি মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা এবং আগস্টে ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।

ফেমাস ট্রেডার্স, সততা ফিশ ফিড, শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল, স্বর্ণালী ইন্টারন্যাশনাল ও রাব্বি এন্টারপ্রাইজসহ বিভিন্ন আমদানিকারক এসব মাছ এনেছেন।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, ‘চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৭ কেজি ইলিশ আমদানির তথ্য পাওয়া গেছে। মাছ ভালোভাবে পরীক্ষা করেই আমরা কোয়ারেন্টাইন সার্টিফিকেট প্রদান করে থাকি।’

আমদানিকারকদের দেওয়া হিসাব অনুযায়ী, এলসির মাধ্যমে ভারত থেকে আনা ইলিশের প্রতি কেজির দাম পড়ছে প্রায় ২৫২ টাকা। এর সঙ্গে সরকারি শুল্ক প্রায় ১৬২ টাকা এবং ট্রাক ভাড়া, এলসি খরচসহ অন্যান্য ব্যয় কেজিতে প্রায় ১০০ টাকা ধরলে আমদানিকারকের মোট খরচ দাঁড়ায় প্রায় ৫১৪ টাকা। কিন্তু বাজারে সেই ইলিশই বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে।

শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারেও গুজরাট, মুম্বাই ও মিয়ানমারের ইলিশ ঢ়ুকছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, এসব মাছের অনেকগুলোই বাংলাদেশের সুস্বাদু ইলিশের পরিচয়ে বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা বলছে, দেখতে অনেকটা একই হওয়ায় সাধারণ ক্রেতাদের পক্ষে দেশি ও বিদেশি ইলিশ আলাদা করা কঠিন। বাড়িতে নিয়ে রান্না করার পর অনেকেই স্বাদ ও গন্ধে পার্থক্য বুঝতে পারেন।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন