তিন লক্ষ্য পূরণ করার হাতছানি আর্জেন্টাইন মহাতারকার
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানানোর পর এবার পুরো মনোযোগ ইন্টার মায়ামিতে। মৌসুমের বাকি সময়ে তিনটি লক্ষ্য পূরণ করার হাতছানি আর্জেন্টাইন মহাতারকার।
মেসির প্রথম লক্ষ্য ইন্টার মায়ামিকে আবারও এমএলএস কাপ জেতানো। গত বছর ক্লাবটির প্রথম এমএলএস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবারও শিরোপা ধরে রাখতে চায় দলটি। ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মায়ামি। প্লে-অফও নিশ্চিত করেছে তারা।
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলে বুয়েনস এইরেস থেকে মায়ামিতে ফিরেছেন মেসি। কোচ কিলি গঞ্জালেসের অধীনে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশ সময় রোববার ভোরে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই ফরোয়ার্ড।
শিরোপার পাশাপাশি মেসির চোখ গোল্ডেন বুটেও। বর্তমানে ২১ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিসি ইউনাইটেডের পেতার মুসার গোল ১৮টি। নিয়মিত মৌসুমে এখনো সাতটি ম্যাচ বাকি। ফলে গোলের ব্যবধান ধরে রেখে নিজের অর্জনের তালিকায় আরেকটি ব্যক্তিগত পুরস্কার যোগ করতে চাইবেন মেসি।
মৌসুম শেষে আরেকটি ইতিহাস গড়ার সুযোগও রয়েছে ৩৯ বছর বয়সি এই তারকার সামনে। গত দুই বছরই এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন তিনি। এবারও পুরস্কারটি জিতলে লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এমভিপি হওয়ার কীর্তি গড়বেন মেসি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখার পর থেকেই মায়ামির সাফল্যে বড় ভূমিকা রেখে চলেছেন মেসি। জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার পর এখন তার সামনে ক্লাবের হয়ে আরও কিছু অর্জনের হাতছানি। মৌসুমের বাকি ম্যাচগুলোতে তিন লক্ষ্য কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।






