ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একবছর আগে তার মাস্টার্স শেষ হয়। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, তিনদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢামেকে স্থানান্তরিত করা হয় তাকে। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।
এ বিষয়ে তার স্বামী তাজ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সানজিদার জ্বর আসতো, যেতো। কয়েকমাস যাবত ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গতকাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ৩-৪টা হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঢামেকের আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়।
সানজিদার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বার্তা বাজার/এমএমএইচ





