চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১১-১৬তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় স্বাক্ষরের মিল না পাওয়ায় আব্দুর রহমান নামে এক পরীক্ষার্থীকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।
রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কম্পিউটার ল্যাব সহকারী পদে একটি শূন্যপদের বিপরীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৭ জন প্রার্থীর উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১২ জন।
তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে একজন প্রার্থীর স্বাক্ষরের সঙ্গে নথিতে থাকা স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে বরখাস্ত করে ছেড়ে দেওয়া হয়।
তবে ওই পরীক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।






