ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইএমএফের শর্তে ‘বাজারভিত্তিক’ করার পর আজ ডলারের দাম কত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০২:৪৩ পিএম

আইএমএফের শর্তে ‘বাজারভিত্তিক’ করার পর আজ ডলারের দাম কত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর নির্দেশনা অনুযায়ী ডলারের বিনিময় মূল্য বাজারনির্ভর করার সিদ্ধান্ত কার্যকর হলেও বৃহস্পতিবার দেশের বৈদেশিক মুদ্রাবাজারে তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকগুলো আগের নির্ধারিত মূল্যে প্রবাসী আয় সংগ্রহ ও ডলার বিক্রি অব্যাহত রেখেছে, যা এখনো ১২৩ টাকার আশেপাশেই রয়েছে।

অন্যদিকে খোলাবাজারে ডলারের দাম সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। খোলাবাজারের বিক্রেতারা ১২৪ টাকা ৭০ পয়সা দরে ডলার কিনছেন এবং বিক্রি করছেন ১২৫ টাকায়। তবে ব্যাংক পর্যায়ে ডলার বিক্রির হার স্থির রয়েছে আগের দিনের মতো।

সকালে শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ডলার সংক্রান্ত তথ্য জানার জন্য গ্রাহকদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে ব্যবসায়ী ও বিদেশগমনেচ্ছু ব্যক্তিরা ডলার কেনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। কেউ কেউ বেশি দামে বিক্রির প্রত্যাশায় ডলার মজুত করার দিকেও ঝুঁকছেন।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে ব্যাংকগুলোর কাছে মোট প্রায় পাঁচ কোটি ডলারের নগদ মজুত রয়েছে। ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহে কোনো সমস্যা নেই। তাঁরা সতর্ক করে বলেন, যেন কেউ খোলাবাজার থেকে বাড়তি দামে ডলার না কেনে, কারণ ব্যাংক থেকেই প্রয়োজনীয় ডলার সংগ্রহ করা সম্ভব।

এদিকে, আজ বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলো ডলারের জন্য বাড়তি দাম প্রস্তাব করেনি। কয়েকটি এক্সচেঞ্জ হাউস চাহিদার তুলনায় বেশি দাম চাইলে সেগুলোর কাছ থেকে ডলার না কেনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বাজারে হঠাৎ করে দামের উল্লম্ফনের সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা।

ঈদকে সামনে রেখে প্রবাসী আয় প্রবাহ বাড়ছে এবং বিদেশ থেকে নগদ ডলার আসছে। এর ফলে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে ডলারের বিনিময় হার বাজারনির্ভর করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, বাজার নির্ধারণ করবে ডলারের দাম, তবে সেটি হবে যৌক্তিক এবং বাস্তব চাহিদা-জোগান বিবেচনায়। বাজারে সিন্ডিকেট গঠন বরদাশত করা হবে না এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে।

তাঁর ভাষায়, “বাজারভিত্তিক মানে এই নয় যে ডলারের দাম যা খুশি তাই হবে। এটি হবে দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত বাজারনীতির আওতায়।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন