জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যখন রাষ্ট্রপতির বাসভবন পরিদর্শনের সুযোগ পাবে, তখন তারা অনুপ্রাণিত হবে। এটি তাদের ভবিষ্যৎ গঠনে কাজে দেবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী, তাদের সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। অধিদপ্তর পুরো প্রক্রিয়াটি সমন্বয় করবে।’
সংশ্লিষ্ট সূত্র বলছে, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। তবে এ জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।





