নিরাপদ ও নিরবচ্ছিন্ন ডেটা কানেকটিভিটি সেবার জন্য ব্র্যাকনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ব্র্যাকনেট সারা দেশে ছড়িয়ে থাকা অগ্রণী ব্যাংকের শাখা ও সার্ভিস পয়েন্টগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর, নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন ডেটা সংযোগ সেবা সরবরাহ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার, ব্র্যাকনেটের সিইও সৈয়দ আহমেদ, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সাইফুদ্দিন খালেদ এবং হেড অব অপারেশনস মুকাররাম হুসাইন।
ব্র্যাকনেটের সিইও সৈয়দ আহমেদ বলেন, “ডিজিটাল ব্যাংকিং সেবার গতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি একটি বড় অগ্রগতি। দেশের ব্যাংকিং খাতে নির্ভরযোগ্য প্রযুক্তি সহযোগী হিসেবে কাজ করতে পারা আমাদের জন্য সম্মানের।”
তিনি আরও জানান, এই সহযোগিতার মাধ্যমে অগ্রণী ব্যাংকের প্রযুক্তিগত কাঠামো আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
ব্র্যাকনেটের হেড অব অপারেশনস মুকাররাম হুসাইন বলেন, “আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন প্রযুক্তি সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এই সমঝোতা দেশের আর্থিক খাতকে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।”
এই অংশীদারত্ব ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।





