ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও সংসদীয় কূটনীতির নতুন দিগন্ত উন্মোচনে সরকারি সফরে ঢাকায় এসেছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।
জানা যায়, সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর সহযোগিতা আরও জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।






