সম্পাদকীয় ডেস্ক | রেডিও বার্তা
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড়সড় এক ভূমিকম্প ঘটেছে — দেশের প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাকর্মীদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম, প্রচারণা ও প্রকাশনা নিষিদ্ধ। এই সিদ্ধান্ত একদিকে যেমন রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এনে দিয়েছে, অন্যদিকে প্রশ্ন তুলেছে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে।
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি গড়েছে। মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের আন্দোলন ও বহু সঙ্কটকালীন সময়ে দলটির অবদান অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু স্বাধীনতার উত্তরপ্রজন্মের কাছে আজকের প্রশ্ন হলো— সেই ঐতিহ্যবাহী দল কি আজ তার নৈতিক অবস্থান ধরে রাখতে পেরেছে?
গত এক দশকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে তা নিছক রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দেওয়া কঠিন। বিরোধী দলগুলোর প্রতি দমন-পীড়ন, গুম-খুন, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং দুর্নীতির অভিযোগ যে শুধু রাজনৈতিক গুজব নয়, বরং বাস্তবতায় পরিণত হয়েছে— তার নানা প্রমাণ নানা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংস্থার রিপোর্টেই উঠে এসেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি যখন পুরোপুরি বদলে যায়, তখন রাষ্ট্রের দায়িত্ব হয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচারের পথে যাত্রা করা। এই প্রেক্ষাপটেই সরকার ও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এসেছে।
তবে এই সিদ্ধান্ত গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি আরও বিভাজন তৈরি করবে— সেটি নির্ভর করবে এর বাস্তবায়নের পদ্ধতি এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর। কোনো রাজনৈতিক দলকে চিরতরে নিষিদ্ধ করে দিলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যদি দলটি রাষ্ট্রীয় সন্ত্রাস, দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী হয়ে থাকে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠায় এমন পদক্ষেপ প্রয়োজনীয়ও হতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সন্ধিক্ষণে কেবল রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজ, গণমাধ্যম ও রাষ্ট্রযন্ত্রেরও দায়িত্ব— আইনের শাসন, ন্যায়বিচার এবং গণতন্ত্রের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত তাই শুধু একটি দলকে ঘিরে নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।






