একটি বিষয়ে আমির খান আজও ভীষণ আতঙ্কে ভোগেন
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান পর্দায় যতটাই আত্মবিশ্বাসী, বাস্তব জীবনে ততটা নন। একটি বিষয়ে তিনি আজও ভীষণ আতঙ্কে ভোগেন, সেটি হলো বিমানযাত্রা। ব্যক্তিগত কিংবা পেশাগত কারণে প্রায়ই উড়োজাহাজে ভ্রমণ করতে হলেও, প্লেনে উঠলেই অদ্ভুত এক ভয় গ্রাস করে তাকে। এমনকি কখনো কখনো মৃত্যু আতঙ্কও তাড়া করে বেড়ায় এই অভিনেতাকে।
এই ভয় কাটাতে কিংবা মানসিকভাবে প্রস্তুত থাকতে একটি বিশেষ অভ্যাস গড়ে তুলেছেন আমির। প্রতিবার বিমানযাত্রার আগে তিনি নিজের মনের কথা লিখে রাখেন একটি চিঠিতে। আর সেই চিঠি লেখেন তাঁর বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু মনসুর খানকে উদ্দেশ করে।
মনসুর খান শুধু বন্ধু নন, আমিরের অত্যন্ত বিশ্বাসভাজন একজন মানুষ।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোশ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। এরপর একসঙ্গে কাজ না করলেও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।
এক সাক্ষাৎকারে আমির জানান, বিশেষ করে যখন কোনো সিনেমার কাজ চলাকালীন বা শেষ পর্যায়ে থাকে, তখন এই ভয় আরো তীব্র হয়ে ওঠে। তাঁর আশঙ্কা, যদি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়, তাহলে অসমাপ্ত থেকে যাবে সিনেমার কাজ।
এই কারণেই তিনি মনসুরকে চিঠি লিখে রেখে যান, যাতে প্রয়োজনে তার বন্ধু ছবির বাকি কাজ সামলে নিতে পারেন।
আমির বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর যখন পোস্ট প্রোডাকশনের কাজ হয় তখন আমি সব সময় মনসুরকে চিঠি লিখে রাখি। আমার চিন্তা হয় যে যদি আমি প্লেন এক্সিডেন্টে মারা যাই তাহলে আমার গোটা সিনেমা নষ্ট হয়ে যাবে। আমি চাই না সেটা হোক। তখন যাতে মনসুর গোটা ব্যাপারটা দেখে তার জন্যই আমি ওকে চিঠি লিখে রাখি।
এমনকি নিজের পরিবারকেও তিনি আগেই জানিয়ে রেখেছেন, কোনো অঘটন ঘটলে যেন মনসুর খানের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়।
মনসুর সম্পর্কে তিনি বলেন, ‘আমি আর মনসুর এক সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছিলাম। ও এমন একজন মানুষ যার ওপর আমি সম্পূর্ণ ভরসা করতে পারি। আমি আমার পরিবারের মানুষকেও বলেছি যে আমার যদি কিছু হয় তাহলে মনসুরের সঙ্গে আলোচনা করে নিও।’
সব মিলিয়ে, উড়োজাহাজে ওঠার ভয় কাটাতে এবং নিজের কাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ব্যতিক্রমী অভ্যাস গড়ে তুলেছেন আমির।






