বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঈদে বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা চালু রাখবে
পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝেও রোগীদের চিকিৎসাসেবায় কোনো বিঘ্ন না ঘটে সেজন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ৫, ৮ ও ১১ জুন বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
বিশ্ববিদ্যালয় পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে এসব দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ইনডোর বিভাগ এবং জরুরি সেবা পুরো সময় খোলা থাকবে এবং হাসপাতালের জরুরি ল্যাব সেবা অব্যাহত থাকবে।
বিএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের ছুটির দিনগুলো ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন বহির্বিভাগ বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির কারণে ১৩ জুনও বহির্বিভাগ বন্ধ থাকবে। উল্লেখ্য, ৫ থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।
ঈদ উপলক্ষে উপাচার্যের নির্দেশনায় রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদুল আজহার প্রধান জামাত ৭ জুন সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ মুসলমানদের এতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান ১৪ জুন সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে এবং ওই দিন বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।





