মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্টরোনাল্ড রিগ্যানকে নিয়ে ‘বিতর্কিত’ বিজ্ঞাপন প্রচারের জেরে এই সিদ্ধান্ত নেন তিনি।
বাংলাদেশ সময় শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।
পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা রোনাল্ড রিগ্যানের শুল্কনীতি নিয়ে করা একটি পুরনো রেডিও ভাষণকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। বিজ্ঞাপনটিতে রিগ্যানের বক্তব্য “ভুলভাবে সম্পাদনা ও অনুমতি ছাড়া ব্যবহার” করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প লিখেছেন, “রোনাল্ড রিগ্যান ছিলেন একজন দৃঢ় দেশপ্রেমিক, যিনি আমেরিকার অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষায় শুল্কনীতি সমর্থন করতেন। কিন্তু কানাডা তার বক্তব্য বিকৃতভাবে ব্যবহার করে প্রতারণা করেছে।”
তিনি আরও জানান, বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিলেও কানাডা তা গতরাতেও সম্প্রচার করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রতি “অসদাচরণ”। ফলে এর প্রতিক্রিয়ায় তিনি কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ ট্যারিফ আরোপের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করেছে। নির্দিষ্ট কিছু পণ্যে এই হার আরও বেশি। নতুন ঘোষণার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এমএইচ





