ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলকে বেআইনি নজরদারির তথ্য গোপনে সহায়তার অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

ইসরায়েলকে বেআইনি নজরদারির তথ্য গোপনে সহায়তার অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সরকারের বেআইনি নজরদারির প্রমাণ মুছে দিয়ে ইউরোপীয় সার্ভার থেকে ডেটা সরিয়ে নিতে সহায়তা করায় প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশনের বিরুদ্ধে আয়ারল্যান্ডে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার একটি অ্যাক্টিভিস্ট গোষ্ঠী আইরিশ ডেটা প্রোটেকশন কমিশনে (ডিপিসি) এই অভিযোগটি দায়ের করেছে। তারা মাইক্রোসফট কীভাবে ইসরায়েলি সামরিক ও সরকারি ডেটা পরিচালনা করছে, তার তদন্ত চেয়েছে এবং যে কোনো বেআইনি প্রক্রিয়াকরণ স্থগিত করার দাবি জানিয়েছে।

ব্লুমবার্গ কর্তৃক পর্যালোচিত এই অভিযোগটি মাইক্রোসফটের আয়ারল্যান্ডের কার্যক্রমকে লক্ষ্য করে করা হয়েছে, যেখানে কোম্পানিটির ইউরোপীয় সদর দপ্তর অবস্থিত। সেখানে নিয়ন্ত্রকরা ইইউ-এর জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) প্রয়োগ করে থাকে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি সরকার গাজায় যুদ্ধ শুরু করার পর থেকেই মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সম্পর্ক কর্মচারী এবং অধিকার প্রবক্তাদের কাছ ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছে।

মাইক্রোসফটের একজন মুখপাত্র একটি ইমেল বিবৃতিতে বলেছেন, “আমাদের গ্রাহকরা তাদের ডেটার মালিক এবং আগস্ট মাসে তাদের ডেটা স্থানান্তর করার জন্য এই গ্রাহকের নেওয়া পদক্ষেপটি ছিল তাদের নিজস্ব পছন্দ।”

“এই পদক্ষেপগুলো কোনোভাবেই আমাদের তদন্তকে বাধা দেয়নি। সেই তদন্তের ফলে সেপ্টেম্বরে কিছু পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত আসে এবং চূড়ান্তভাবে গ্রাহক অন্য একজন প্রদানকারীর কাছে তাদের ডেটা সংরক্ষণ করেন।”

মাইক্রোসফট বলেছে, তাদের অভ্যন্তরীণ তদন্ত ব্যবসায়িক রেকর্ড এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা কর্মীদের ওপর নির্ভর করেছিল।আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন নিশ্চিত করেছে যে তারা অভিযোগটি পেয়েছে এবং সেটি মূল্যায়ন করছে।

এছাড়াও, গাজা যুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আচরণের তীব্র সমালোচনা করেছে বেশ কয়েকটি জাতিসংঘের তদন্ত এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ প্রধান মানবাধিকার গোষ্ঠীগুলো।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েলি সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে।

আগস্টের শুরুর দিকে দ্য গার্ডিয়ান এবং ইসরায়েলের অংশীদার আউটলেটগুলো জানিয়েছিল, মাইক্রোসফটের সার্ভারে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ফোন কল সংরক্ষণ করা হয়েছিল, যা গাজায় বিমান হামলার লক্ষ্যবস্তু নির্বাচনে ব্যবহৃত হয়েছিল। ফাঁস হওয়া নথিগুলোতে ইঙ্গিত ছিল যে ,বেশিরভাগ ডেটা নেদারল্যান্ডসে এবং একটি ছোট অংশ আয়ারল্যান্ডে রাখা হয়েছিল।

এই ঘটনায় গত সেপ্টেম্বরে ইসরায়েলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই প্রযুক্তি ব্যবহার করে তারা গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন লাখো ফিলিস্তিনির ফোন কলের তথ্য সংগ্রহ করত।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট ইসরায়েলের কর্মকর্তাদের জানিয়েছিলেন, তাদের সেনাবাহিনীর অভিজাত গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’ কোম্পানির শর্ত লঙ্ঘন করেছে। ইসরায়েলের সেনাবাহিনী মাইক্রোসফটের ‘আজুর’ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে নজরদারির বিশাল ডেটা সংরক্ষণ করেছিল।

ইউনিট ৮২০০ কর্তৃক মাইক্রোসফটের আজুর প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল গার্ডিয়ান। এই প্রতিবেদনের জেরেই ইসরায়েল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাটির কিছু প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করে মাইক্রোসফট।

ব্যাপক নজরদারির কর্মসূচি পরিচালনা করতে আজুর ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী কীভাবে ফিলিস্তিনিদের যোগাযোগের বিশাল তথ্যভান্ডার সংরক্ষণ ও ব্যবহার করছিল, তা গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল। সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন