হরমুজ প্রণালিতে ভারতগামী এপামিনোদাস এবং শ্রীলঙ্কাগামী এমএসসি ফ্রান্সেসকা নামের দুটি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই দুই জাহাজ জব্দের মুহূর্ত ভিডিও আকারে প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ইরানের পতাকাবাহী দ্রুতগতির স্পিডবোটগুলো জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। পরে মুখোশ পরিহিত ও রাইফেলধারী সেনারা জাহাজে উঠে পড়ে। মুহূর্তেই অতিকায় বাণিজ্যিক জাহাজগুলো তাদের কব্জায় চলে যায়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, ভারতগামী এপামিনোদাস জাহাজটি ‘ইরানি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করার’ পরই গার্ড বাহিনী গুলি চালায়। এ ছাড়া ইউফোরিয়া নামের আরেকটি জাহাজেও গুলি চালানো হয়, পরে সেটিও থেমে যায়।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর নৌবাহিনী হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী দুটি জাহাজ শনাক্ত করে এবং থামিয়ে দেয়। এমএসসি ফ্রান্সেসকা জায়নিস্ট শাসনব্যবস্থার মালিকানাধীন। আর এপামিনোদাসের বিরুদ্ধে নৌ-নির্দেশনা ব্যবস্থা বিকৃত করা এবং সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।’
হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত বিধিনিষেধ অমান্য না করার পাশাপাশি এই জলপথে নিরাপদ চলাচলের পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তারা বলেছে, ‘হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য রেড লাইন হিসেবে বিবেচিত হবে।’
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের জবাব দিতেই ইরানি বাহিনী এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজগুলো এখন সুনির্দিষ্টভাবে কোথায় আছে এবং নাবিকরা নিরাপদ আছেন কি না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
সূত্র: এনডিটিভি
বার্তা বাজার/এমএমএইচ






