মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে তিন দেশ সফরের দ্বিতীয় ধাপে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তান সফর শেষ করে ওমান পৌঁছানোর পরপরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাগচি জানান, তার পাকিস্তান সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য পাকিস্তানের ‘ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টার’ ভূয়সী প্রশংসা করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সদিচ্ছা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন এই শীর্ষ ইরানি কূটনীতিক। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে সত্যিই কতটা আন্তরিক, তা আমাদের দেখা এখনো বাকি।”
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই আরাগচির এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের প্রতি তেহরানের অনাস্থারই বহিঃপ্রকাশ। ওমান সফরে তিনি আঞ্চলিক নিরাপত্তা এবং ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে ওমানি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।






