রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের সেকেন্ড ডেপুটি স্পিকার আলী নিকজাদ গত সোমবার এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
আলী নিকজাদ জানান, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা কোনোভাবেই হরমুজ প্রণালীকে তার আগের অবস্থায় ফিরিয়ে দেব না। এটি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের সরাসরি আদেশ।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই এই গুরুত্বপূর্ণ নৌপথটির নিয়ন্ত্রণ তেহরানের হাতে রয়েছে। অন্যদিকে, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশেষ করে এশিয়ার দেশগুলোতে।
উল্লেখ্য, সংঘাত নিরসনে দুই সপ্তাহ আগে পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যা পরবর্তীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন। বর্তমানে সংকট সমাধানে পরবর্তী দফার আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
বার্তা বাজার/এমএমএইচ






