ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১০ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, বিপাকে থালাপতির সরকার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩৩ পিএম

১০ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, বিপাকে থালাপতির সরকার

ভারতের তামিলনাড়ুতে একটি লেকের কাছে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই দুই অভিযুক্ত ওই কিশোরীকে অপহরণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) সুলুর এলাকায় নিজের বাড়ির কাছ থেকে বাজার করতে বেরিয়েছিল ওই কিশোরী। সেই সময় অভিযুক্তরা তাকে অপহরণ করে এবং পরে হত্যা করে। পরে শুক্রবার (২২ মে) ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই অভিযুক্তের নাম কার্তিক ও মোহন রাজ।

ঘটনার পর বিচার দাবিতে কিশোরীর বাবা-মা ও আত্মীয়স্বজন সুলুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় বলেছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘কোয়েম্বাটুরে ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে। এ ধরনের অমানবিক ও অমার্জনীয় অপরাধ আমাদের সমাজে কখনোই সহ্য করা হবে না।’

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানানোর পর এই প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। পরিবারটি জানায়, মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা মর্গ থেকে মরদেহ নেবে না।

পরিবারের এক সদস্য বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘মুখ্যমন্ত্রীর কোনও বক্তব্য বা আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা মরদেহ নেব না। আমরা পরিবর্তনের আশায় ভোট দিয়েছিলাম। এখন তিনি একটি বক্তব্যও দিচ্ছেন না। এতে বোঝা যাচ্ছে, নতুন সরকার এলেও কোনো পরিবর্তন হবে না।’
এই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজয়ের টিভিকে সরকারকে আক্রমণ করেছে দীর্ঘসময় তামিলনাড়ু শাসন করা দল ডিএমকে। সমালোচনার মুখে টিভিকে নেতারা হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

তামিলনাড়ুর মন্ত্রী এম এস সম্পথ ইএসআই হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি জানান, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি বলেন, অভিযুক্তদের সর্বোচ্চ কঠোর শাস্তি দেওয়া হবে।’

বিরোধী দল ডিএমকে নতুন বিজয় নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ১২ দিনের মধ্যেই রাজ্যে অপরাধের মাত্রা বেড়ে গেছে।

বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার ১২ দিনের মধ্যেই ৩০টির বেশি বড় অপরাধের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

তিনি পোস্টে বলেন, ‘নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ১২ দিনের মধ্যে যৌন সহিংসতা, গাঁজা পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, শাসকদলের সদস্যদের বিশৃঙ্খল আচরণ এবং এখন কোয়েম্বাটুরের কাছে এক কিশোরীকে অপহরণ ও হত্যার মতো ৩০টিরও বেশি বড় ঘটনা শিরোনাম হয়েছে। এতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।’

উদয়নিধি স্টালিন আরও বলেন, কিশোরীকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

সূত্র: এনডিটিভি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!