ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে ‘ভুল হিসাব’ করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রেও একই ধরনের ভুল করেছে ওয়াশিংটন।
আরাঘচি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আরও বড় ধরনের ভুল হিসাবের উদাহরণ।তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।
এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, দেশটি শিগগিরই ব্রিকস জোটের প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দিতে যাচ্ছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হেম্মাতির এ বক্তব্য প্রকাশিত হয়। ভারতে ব্রিকসের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনডিবির করপোরেট কমিউনিকেশন বিভাগ ইরানের যোগদানের তথ্যটি নিশ্চিত করেনি।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অবকাঠামো উন্নয়ন ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্য নিয়ে গঠিত এই ব্যাংকে পরে সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ আরও কয়েকটি উদীয়মান অর্থনীতি যোগ দেয়।
সূত্র: আল-জাজিরা
বার্তা বাজার/এআর






