ইরান-যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তেহরানকে ‘সাদা পতাকা উড়ানোর’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প বলেন, ইরানের উচিত আত্মসমর্পণ করা এবং ‘সাদা পতাকা’ উড়িয়ে দেওয়া। তবে তিনি যুদ্ধ বা পরবর্তী পদক্ষেপের জন্য কোনো সময়সূচি নির্ধারণ করেননি বলে জানিয়েছেন।
এদিকে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ৬০ দিনের সময়সীমা মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ছিল। যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করায় সেই আলোচনা কার্যত শুরুই হয়নি বলে দাবি করেন তিনি।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সময় কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনাও তীব্র হয়েছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। অন্যদিকে ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
এর ফলে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আলজিাজিরা, ফক্স নিউজ






