ঢাকা   রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনে রূপান্তরের পরিকল্পনা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনে রূপান্তরের পরিকল্পনা

দেশে ক্রমবর্ধমান পণ্য পরিবহনের চাহিদা মেটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে থাকা দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী বা ডেডিকেটেড ফ্রেইটার উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আন্তর্জাতিক অ্যাভিয়েশন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে বিমানের উড়োজাহাজ লিজ, অর্থায়ন এবং যাত্রীবাহী উড়োজাহাজকে কার্গো উড়োজাহাজে রূপান্তরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। বৈঠকে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে বিমানের আয় বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, হাইবারি গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আন্তর্জাতিক বাজারে কার্গো পরিবহনের চাহিদা বিবেচনায় নিয়ে এ খাতে সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটিকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী ও লাভজনক করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহ পেতে সময় লাগবে। এ সময়ে চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে লিজ নেওয়ার ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত বিষয় যথাযথভাবে যাচাই করা হবে।

সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো বিমান ক্রয়, অর্থায়ন, লিজিং এবং উড়োজাহাজ সম্পদ ব্যবস্থাপনায় তাঁদের প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের আধুনিকায়ন, উড়োজাহাজ লিজিং ও কার্গো পরিবহনে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন