ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানি করেন।

আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কার কী ভূমিকা, এসব তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সেই সঙ্গে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে বৃহস্পতিবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।

আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সাত খুনের সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিল। এই মামলার মূল আসামি, বলা যায় মাস্টারমাইন্ড তারেক সাঈদের বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। তারেক সাঈদ জবানবন্দিতে বলেছেন জিয়াউল আহসানের নির্দেশনা ছাড়া র‍্যাবের কোনো অপারেশন হতো না। ইনজেকশন পুশ করে ভিকটিমদের অচেতন করে পরবর্তীতে মুখের মধ্যে পলিথিন পেঁচিয়ে হত্যা করা হয়। পরে পেট চিড়ে সিমেন্টের বস্তা লাগিয়ে তাদেরকে নদীতে ফেলে দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন এমন একটি নৃশংস অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ উঠে এসেছে, তা অত্যন্ত ভয়াবহ। এমনভাবে দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্ণনা দিয়েছেন যে কোনো সুস্থ মানুষের পক্ষে এ রকম কোনো ঘটনা দেখা, শোনা বা উপলব্ধি করা সম্ভব না।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটন ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম। নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তিরচর এলাকা থেকে একে একে উদ্ধার করা হয় তাঁদের মরদেহ।

ঘটনার পর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে দুটি মামলা একসঙ্গে তদন্ত করে পুলিশ। তদন্তের একপর্যায়ে আসামিদের কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডের পরপরই প্রধান অভিযুক্ত সাবেক কাউন্সিলর নূর হোসেন দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান।

পরে ২০১৪ সালের ১৪ জুন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে দুই সহযোগীসহ গ্রেপ্তার হয় নূর হোসেন। ২০১৫ সালের ১১ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম সে সময় অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগ নেতা নূর হোসেন ৬ কোটি টাকার বিনিময়ে র‍্যাব সদস্যদের দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান। পরবর্তীতে র‍্যাবের অভ্যন্তরীণ তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া যায়।

দুই মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত একসঙ্গে রায় দেন। রায়ে র‍্যাবের সাবেক ১৬ কর্মকর্তা এবং নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর অপরাধজগতের ৯ সহযোগীসহ মোট ২৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

এ ছাড়া র‍্যাবের আরও ৯ সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা আপিল করলে অগ্রাধিকার ভিত্তিতে এটি নিষ্পত্তি হয় হাইকোর্টে। ২০১৭ সালের ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ২০ নভেম্বর হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। অপর ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা বহাল থাকে। এরপর আপিল বিভাগে আবেদন করেন আসামিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন