ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওয়াকফ সম্পদের ভাড়া পুনঃনির্ধারণ হবে: ধর্মমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:০৪ পিএম

ওয়াকফ সম্পদের ভাড়া পুনঃনির্ধারণ হবে: ধর্মমন্ত্রী

বর্তমান বাজার দর অনুযায়ী সারা দেশের ওয়াকফ সম্পদের ভাড়া পুনঃনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, গত ১৭ বছরে ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অনেক ওয়াকফ সম্পত্তি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ ওয়াকফ লিল্লাহ সম্পত্তি রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে লুটপাটের শিকার হচ্ছে।

ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে—ওয়াকফ সম্পত্তির লুটপাট বন্ধ করতে হবে। সঠিকভাবে ভাড়া আদায় করা গেলে এই অর্থ জনকল্যাণমূলক অনেক কাজে ব্যবহার করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে আগামী তিন মাসের মধ্যেই ইতিবাচক পরিবর্তনের খবর পাওয়া যাবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৬ লাখ ১৪ হাজার একরের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে ওয়াকফ আলাল আওলাদ বা ওয়াকফে আওলাদের পরিমাণ ২ লাখ ১২ হাজার একরের বেশি এবং ওয়াকফ ফি লিল্লাহ সম্পত্তির পরিমাণ ৩ লাখ ৭৭ হাজার একরের বেশি।

এদিকে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় শতভাগ ভালো হয়েছে এবারের হজ ব্যবস্থাপনা। সৌদি সরকারও যেকোনো সমস্যার দ্রুত সমাধান করছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় হজ কার্যক্রমের খোঁজখবর নিয়েছেন। হজ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় অত্যন্ত সচেতন রয়েছে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!