সবশেষ যা জানা গেল এসএসসির ফল প্রকাশ নিয়ে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল তৈরির কাজ পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে তা মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। এ বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
চলতি বছর এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।






