বিদেশে থাকা ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ করা, ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।
দেশের অর্থনীতি সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান সর্বাগ্রে। তাদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতেই এ ডিজিটাল প্রবাস কার্ড প্রবর্তন করা হচ্ছে।’
জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে জনতা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদ লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধাও খুব সহজে ভোগ করতে পারবেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, সরকারের নির্দিষ্ট পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী তাদের কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে এগিয়ে চলছে। প্রবাসীদের কল্যাণ সাধন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নির্দিষ্ট মেয়াদের মধ্যেই বাস্তবায়নে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/আইকে






