সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও অর্থসংকটে পড়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. নাজমুল হাসান। তার সেই অনিশ্চয়তা কাটাতে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এবং উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুদান প্রদান করেন তিনি।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি নাজমুল হাসান সুইডেনের স্কোভডে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন। তবে বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে নতুন আশার সঞ্চার করেছে।
সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘একজন সত্যিকারের নেতা সবসময় তার কর্মীদের মূল্যায়ন করেন। তিনি আমাকে আবার ফিরে এসে দেশের সেবা করতে বলেছেন। আমি তাকে বলেছি, ‘জি, ইনশাআল্লাহ, আপনার হাতকে আরও শক্তিশালী করতে আমি আবার ফিরে আসব।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় চেয়েছিলাম, আমার বাবাকে আমাদের ‘নেতার’ সঙ্গে হাত মেলাতে দেখতে। এখন বলতে পারি, আমি সফল হয়েছি।’
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা নাজমুলের সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ অর্জন এবং সেই পথে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার স্বপ্নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রধানমন্ত্রীর কার্যালয়।






