বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ মঙ্গলবার রাজধানীতে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠানে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি বলেন, তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের যেকোনো সমস্যা সমাধানে কাজ করা সম্ভব-এমন বিশ্বাস রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী। তাই ভারত সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত এখনো আশাবাদী।
দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রশাসন ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লোগান নিয়ে কাজ করছে, ভারতও একই নীতিতে বিশ্বাসী। অতীতকে ভুলে যাওয়ার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন। দুই দেশের মধ্যে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।
বার্তা বাজার/এআর






