স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বললেন, জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার কোনো কার্যকর কাজ করেনি।
আজ সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিগত সময়ের স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ১৮ কোটি মানুষের বিপরীতে প্রতি ১১ হাজার মানুষের জন্য একজন ডাক্তার রয়েছেন। স্বাস্থ্য খাতে ডাক্তার ও নার্সের সংকট রয়েছে, অন্যদিকে খাতটি দুর্নীতিতে ভরপুর। কয়েক লাখ কোটি টাকার মানহীন যন্ত্রপাতি কেনা হয়েছে, যার অনেকগুলো ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এখন সেগুলো ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণ ও সাংবাদিকসহ সবার সহযোগিতায় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে জনগণের রায় নেয়া হয়েছে। তাই সরকারকেও স্বচ্ছতার সঙ্গে কাজ করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে আমাদের নিশ্চিতভাবে সততা ফিরিয়ে আনতে হবে। হাসপাতালে উন্নত মানের খাবার নিশ্চিত করতে হবে। ডাক্তার ও নার্সদের রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। সব ক্ষেত্রেই সেবার মান উন্নত করতে হবে।’
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঘুরেফিরে একটাই কথা, দুর্নীতির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স হতে হবে। দেশটাকে বাঁচাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। নেশাকে না বলতে হবে, জুয়াকে না বলতে হবে। দেশকে টিকিয়ে রাখতে এবং আমাদের সন্তানদের বাঁচাতে হলে চিকিৎসাসেবার মান উন্নয়ন করতে হবে।’
এআর






