সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা খুব ভালো করে জানেন যে, এখানে আসলে উনি সুখে থাকবেন না। উনাকে জেলে থাকতে হবে। এরকম পরিবেশে উনি আসবেন কেন? শেখ হাসিনার পুত্র এর মধ্যে বিশ্বমিডিয়াতে ইন্টারভিউ দিয়েছে। রয়টার্সে একটা ইন্টারভিউতে দেখলাম সে বলছে, আমার মা ভারতে ভালো আছেন।
উনি বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণসহ একটা নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন ভারত থেকে যাওয়ার প্রশ্নই আসে না।’ সম্প্রতি এক টিলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
আনিস আলমগীর বলেন, ‘ভারত সরকার অলসো ডোন্ট কেয়ার যে বাংলাদেশে কি রায় হলো আর না হলো। কারণ তারা এটাও বলে দিয়েছে যে, বাংলাদেশে যতদিন একটা নির্বাচিত সরকার আসছে না, তার সঙ্গে আমাদের ফুল এনগেজমেন্ট হবে না।
ন্যূনতম যেগুলো দরকার সে ধরনের কর্মসূচি তারা আমাদের সঙ্গে করছে আদারওয়াইজ তারা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকে এভয়েড করে চলছে।’ আনিস বলেন, ‘শেখ হাসিনা সরকার যতদিন ছিল ভারতের সব কনসার্ন পূরণ করেছে। ভারতের যত চাহিদা ছিল সেটা পূরণ করেছে। বাংলাদেশ যে পায়নি সেটা বললেও মিথ্যা বলা হবে।
ভারত সব নিয়ে গিয়েছে এই যে প্রোপাগান্ডা করেছিল, ভারত ভালো করে একটা থাপ্পড় দিয়ে ৫ আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কী কী আমরা পেয়েছি।’ আনিস আরো বলেন, ‘ভারত অনেক কিছু বন্ধ করে দিল, আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না। তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছিল না। একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে, তোমরা বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছো—আমরাও কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো।’
বার্তা বাজার/এস এইচ





