ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের কেন্দ্রগুলোয় ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
নির্ধারিত সময় বুধবার সকাল ১০টায় এই সরঞ্জাম বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে তা বেলা ১১টার দিকে শুরু হয়।
নগরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে জেলার বিভিন্ন আসনের সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামের মোট ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে।
বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন বলেন, ভোটকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের ঝুঁকি দেখছেন না বলেও জানান তিনি।
নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বিশেষ নজর রাখা হয়েছে বলেও উল্লেখ করেন বিভাগীয় কমিশনার।






