ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি ধরলে সন্ত্রাসীদের খবর আছে: এসপি মাসুদ আলম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ এএম

আমি ধরলে সন্ত্রাসীদের খবর আছে: এসপি মাসুদ আলম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরকে সন্ত্রাসীদের ‘প্রোডাকশান হাউস’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি বলেছেন, সন্ত্রাসীরা হয় ধরা দেবে, না হয় আমি ধরলে তাদের খবর আছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ আত্মগোপনে থাকলেও রেহাই পাবে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ফটিকছড়ির কাঞ্চননগরের মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফটিকছড়ি থানার আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি মাসুদ আলম বলেন, চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য কাঞ্চননগর—এটা এতদিনে জানলাম। যারা চট্টগ্রাম শহরকে অস্থির করে ফেলছে, যাদের ধরেছি যেমন- ডেবিট ইমন, গলা কাটা মোবারক—সবার বাড়ি এখানে। যারা এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আপনারা প্রতিবাদ করেননি। কয়েকজন অপরাধীর কারণে পুরো এলাকার দুর্নাম হতে পারে না। অপরাধীদের নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে।

কাঞ্চননগরে সন্ত্রাসীদের কোনো স্থান হবে না উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে কোনো সন্ত্রাসীর বাপের ক্ষমতা নেই এখানে থাকার। মাদক, কিশোর গ্যাংসহ সব অপরাধের বিরুদ্ধে আমরা কাজ করছি। এরপর আরও কেউ যদি এখানে থাকে, তারা যদি ভালো না হয়, আমরা তাদের ছাড়ব না।

অপরাধীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যাদেরকে ধরা হয়েছে এরপরও যদি আরও কেউ থেকে থাকে তারা যদি মনে করে ভালো হয়ে যাবে তাহলে ভালো হওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া যেতে পারে। এরপরও যদি ওই লাইনে থাকে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা পাহাড়, খাল, চা-বাগান কিংবা রাবারবাগান—যেখানেই আত্মগোপন করুক, তাদের আইনের আওতায় আনা হবে।

অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসার আহ্বান জানান এসপি। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কাঞ্চননগরের দুর্নাম দূর করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করে তিনি বলেন, এখানের যে দুর্নাম হয়েছে, জনগণের সহযোগিতা থাকলে সেটা দূর হবে। আপনার সন্তানরা যেন সুস্থভাবে পড়ালেখা করতে পারে তার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হোন।

সমাবেশে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খানের সভাপতিত্বে ও এসআই সুমন দের সঞ্চালনায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আজম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইউছুফ বিন সিরাজ, ইউনিয়ন জামায়াতের আমির সাইরান কাদের চৌধুরী, কাঞ্চননগর আহমদিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল খান, বিএনপি নেতা মোজাম্মেল হক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন