ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুরান ঢাকায় ভোটকেন্দ্রে হামলা, প্রিসাইডিং অফিসারসহ আহত ৬

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

পুরান ঢাকায় ভোটকেন্দ্রে হামলা, প্রিসাইডিং অফিসারসহ আহত ৬

রাজধানীর পুরান ঢাকার জুবিলি স্কুল ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের হামলায় প্রিসাইডিং অফিসার ও জামায়াতের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটকেন্দ্রটি ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত।

ঘটনার পর রাত ৮টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান। তিনি বলেন, ‘জুবিলি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্টের ডকুমেন্টসে স্বাক্ষর করতে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা মব সৃষ্টি করে আমাদের পোলিং এজেন্টদের মারধর করেছেন। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের ওপরও হামলা করা হয়েছে। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপ নেব।’

তিনি বলেন, ‘এ হামলার নেতৃত্ব দেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মজিবুর রহমান অনু, সাংগঠনিক সম্পাদক কামিল ও যুগ্ম সাধারণ সম্পাদক রানা এবং ঢাকা মহানগরীর সদস্য ফরিদ উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ কামাল রুবেল ও যুবদলের সাবেক সদস্য শফিক।

৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মজিবুর রহমান অনু বলেন, ‘একপাক্ষিকভাবে জামায়াতের লোকদের ভেতরে নিয়ে পোলিং এজেন্ট ডকুমেন্টস নিচ্ছিলেন। আমাদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক উপস্থিত হই। এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।’

প্রিসাইডিং অফিসারসহ পোলিং এজেন্টদের মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কারও ওপর হামলার ঘটনা ঘটেনি। শুধুমাত্র কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে আমরা সবাই সরে গেছি।’

মারধরের শিকার ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল হক বলেন, ‘জামায়াতের পোলিং এজেন্টের কার্ডে স্বাক্ষর দিতে আসায় আন্দাজে একটি পক্ষ অভিযোগ দিয়ে এ কাণ্ড ঘটিয়েছে। এখানে ধাক্কাধাক্কি শুরু হয়। আমাদের আরেক সহকর্মীর ওপর বোতল নিক্ষেপ করা হয়েছে। আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!