মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা) আসনের-১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের শুরুতেই মা রোকেয়া বেগমকে নিয়ে টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, ‘আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি। আমাদের নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়, প্রশাসন এখন পর্যন্ত খুবই দুর্বলভাবে কার্যক্রম পরিচালনা করছে।’
এই দুর্বলতা দিনভর চললে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।






