রাজধানী ঢাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে দীর্ঘ সময় লাগার অভিযোগ করেছেন নাসীরুদ্দিন পাটওয়ারী। বৃহস্পতিবার সকালে ঢাকা-৮ আসনের এই কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি এমন অভিযোগ করেন।
সরেজমিনে ভোটকেন্দ্রের ৬ নম্বর মহিলা বুথে দেখা যায়, এক একজন ভোটারকে ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় লাগছে। তবে স্বাভাবিকভাবে এই সময় দুই থেকে তিন মিনিটের বেশি হওয়া উচিত নয়। অন্যদিকে কেন্দ্রের ৩ নম্বর পুরুষ বুথে ভোটগ্রহণে গড়ে সময় লাগছে ১৫-১৬ মিনিট।
সুফিয়া খাতুন নামের একজন ভোটার ‘টাইমস অব বাংলাদেশ’কে জানান, তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনও কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারেননি। একইভাবে, ৩ নম্বর পুরুষ বুথের ভোটাররা পৌনে দশটার পর থেকে লাইনে দাঁড়িয়ে ১১টা ১৮ মিনিটেও কেন্দ্রে ঢুকতে পারেননি।
আরিফ হাসান নামে আরেকজন ভোটার অভিযোগ করেন, ‘কেন্দ্রে ভোটগ্রহণের গতি অস্বাভাবিকভাবে ধীর। এভাবে চললে অনেক ভোটার ভোট দিতে পারবেন না বলে ধারণা করছি।’
এদিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এইচ এম ইমরান হোসাইন টাইমসকে জানান, ভোটকেন্দ্রে ভিড় বেশি হওয়ায় এবং জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় সময় বেশি লাগছে। তিনি আরও বলেন, দুই-একজন কর্মকর্তা ধীর গতিতে কাজ করায় কিছুটা দেরি হচ্ছে।
এ সময় নাসীরুদ্দিন পাটওয়ারী প্রিজাইডিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।






