সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। যারা জুলাই সংস্কার থেকে দূরে সরে গেছে, তারা শহিদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে হাজার কিলোমিটার দূরে সরে গেছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, জুলাই সংস্কার প্রচার করে ক্ষমতায় এসে দলটি এখন ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মেরেছে। তাদের আচরণ দেখে মনে হয়, তারা সংবিধান সম্পর্কে জানে না। ৫ আগস্টের পর দেশের জনগণ কারও রক্তচক্ষুকে ভয় করে না। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ দুর্নীতির সিস্টেম থেকে মুক্তি চেয়েছে।
তিনি আরও বলেন, যদি মানুষকে আবারও গুম করতে না চান, তাহলে ‘গুম অধ্যাদেশ’ আইনে রূপান্তর করতে হবে। যদি তা না করতে পারেন, তাহলে রক্তের দাম দিন, আমার মায়ের আর্তনাদ ফিরিয়ে দিন। হঠাৎ করে বিদেশ থেকে এসে পার্লামেন্টে চুপ মেরে বসে থাকবেন—এমন আচরণ কি জাতি মেনে নেবে? সংসদে উত্তর না দিয়ে সন্ধ্যায় সিনেমা হলে হাজির হচ্ছে।
অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, অতীতেও একটি পোস্ট দিলে রাত ১২টায় ডিজিএফআই বাসায় হাজির হতো। এখনো তাই হচ্ছে। এর নাম ফ্যাসিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়-সহ সারা দেশের ছাত্রসমাজ যদি আবারও জেগে ওঠে, তাহলে গণভোটের রায় বাস্তবায়ন না করে উপায় থাকবে না।
সেমিনারে বিশেষ আলোচক ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা ও কথাশিল্পী, প্রাবন্ধিক ও অনুবাদক নাজিব ওয়াদুদ। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে সেমিনারে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিনেট সদস্য ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। প্রবন্ধ পাঠ করেন রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর। সেমিনারে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






