ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন খ্রিস্টান ও ওঁরাও জনগোষ্ঠীর প্রতিনিধি আন্না মিনজ। তিনি নাটোরের বড়াইগ্রামের জোনাইলের সন্তান বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জন গমেজের সহধর্মিণী।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা আহ্বায়ক ও বড়াল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অমর ডি কস্তা ইনস্টাগ্রামে লিখেছেন, দেশের সব ধর্ম-বর্ণ-সংস্কৃতিকে বিবেচনায় নিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি সুন্দর ও পরিচ্ছন্ন মহান সংসদ গড়ার চেষ্টা করছেন এবং তাতে সফল ও প্রশংসিত হয়েছেন এবং হচ্ছেন। আন্না মিনজ একজন সফল ও সুযোগ্য নারী নেত্রী।
তার নেতৃত্ব এই দুই উপজেলার অতি সাধারণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনবে।
বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। আন্না মিনজ এমপি হিসেবে মনোনয়ন পাওয়াটাও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া ও বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতাদের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা সভাপতি প্রদীপ নাকরা বলেন, সংসদে অধিকার বঞ্চিত নৃগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য একজন প্রতিনিধি অবশ্যই থাকা দরকার। বর্তমান বিএনপি সরকারের এই উদার, নিরপেক্ষ ও গণতান্ত্রিক ভাবনাকে সম্মান জানাই। ধন্যবাদ জানাই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়াসহ সব নীতি-নির্ধারকদের। আশা করি আন্না মিনজ নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনে যোগ্য ও প্রশংসিত ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বার্তা বাজার/এমএমএইচ






