জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির মনোনীতদের তালিকা ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের কাছে ২৭ হাজার ৬০ ভোটে পরাজিত হয়েছিলেন সাবিরা সুলতানা। সংরক্ষিত নারী আসনে তিনি মনোনীত হওয়ায় উচ্ছ্বসিত তার অনুসারীরা।
দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানান, দল তাকে সবসময় মূল্যায়ন করেছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষ তার সাথে ছিল উল্লেখ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দল থেকে তার ওপরে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। পাশাপাশি দলের সকল ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা সুলতানা মুন্নী। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েও জামায়াতের প্রার্থীর কাছে হারের কারণ হিসেবে দুই উপজেলার দলীয় শীর্ষ নেতাদের বিশ্বাসঘাতকতাকে উল্লেখ করে আসছিলেন।
বার্তা বাজার/এমএমএইচ






