হামে শিশুমৃত্যুর ঘটনার জন্য দায়ী সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, হামের টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার ফলে দেশে এক গভীর জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত প্রায় তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য।
মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু আরো বলেন, এই বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই।
বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ ক্ষেত্রে চরম অবহেলা প্রদর্শন করেছেন। শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয়সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে ড. ইউনূসের সরকার, যার ফলেই হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং দ্রুত তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টিকা ক্রয় নীতিতে পরিবর্তন আনার সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের একাধিক সতর্কতা থাকা সত্ত্বেও বিগত সরকার উদাসীনতার পথই বেছে নেয়। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এরপর চলতি বছরের মার্চের শেষ নাগাদ হামের প্রাদুর্ভাব পরিলক্ষিত হওয়ার পর এখনো সরকার রোগের সংক্রমণ প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকারকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, অবিলম্বে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করতে হবে। হামের চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফিল্ড হাসপাতাল স্থাপন করে শিশুদের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সবার হামের টিকা নিশ্চিত করতে হবে।
বার্তা বাজার/এমএমএইচ






