ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জনগণের ভাগ্য উন্নয়নে গণভোট ও অংশগ্রহণমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই: ড. শফিকুল ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

জনগণের ভাগ্য উন্নয়নে গণভোট ও অংশগ্রহণমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই: ড. শফিকুল ইসলাম

জনগণের ভাগ্য উন্নয়নে গণভোট ও অংশগ্রহণমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (৬ মে) দুপুরে বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে গণভোট ও গণঅংশগ্রহণমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই। পুরনো ব্যবস্থায় দেশ আর চলতে পারে না। জনগণ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। জুলাইয়ে চেতনায় জনগণ জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ‘হ্যাঁ’ জয়যুক্ত করেছে। সরকারের দায়িত্ব জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি-স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও সংহতি বজায় রেখে জনগণের সেবায় নিজেদের অব্যাহতভাবে নিয়োজিত রাখতে হবে। এ সময় ১১ দলীয় ঐক্য জাতীয়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে এই ঐক্য অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি বা নির্বাচন বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি রাষ্ট্রীয় সম্পর্ক। পারস্পরিক স্বার্থ, কূটনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতেই এই সম্পর্ক পরিচালিত হয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

এদিন সভায় উপস্থিত নেতা-কর্মীদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। একইসঙ্গে এসব বিষয়ের আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা, বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সামসুল আলম, খেলাফত মজলিসের বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহা. জাকির হোসাইন শিকদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আনিসুর রহমান এবং ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!