ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় সংসদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে ‘জনতার সংসদের’ ডাক দিল ‘গণবিপ্লবী উদ্যোগ’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:০৯ পিএম

জাতীয় সংসদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে ‘জনতার সংসদের’ ডাক দিল ‘গণবিপ্লবী উদ্যোগ’

জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সমসাময়িক ‘রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের’ সমাধানের দাবিতে প্রতিবাদী কর্মসূচি ‘জনতার সংসদ’ এর ডাক দিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণবিপ্লবী উদ্যোগ’। বর্তমান জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরাসরি জনগণের অংশগ্রহণে এই বিকল্প সংসদ আয়োজনের ঘোষণা দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আয়োজকেরা জানান, এক সপ্তাহের মধ্যে জনতার সংসদ কর্মসূচির সময় ও স্থান সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানানো হবে। কর্মসূচিতে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ রেখে রেজিস্ট্রেশন চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের রক্তাক্ত আত্মত্যাগের পর সাধারণ মানুষ আশা করেছিল সংসদ হবে গণমানুষের কণ্ঠস্বর। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। টং দোকান থেকে শুরু করে অফিস-আদালত—সবখানে সংসদের আলাপ নিয়ে আলোচনা থাকলেও জনজীবনের মৌলিক সংকটগুলো সমাধানে সংসদ ব্যর্থ হচ্ছে।

জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা ও গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল বলেন, জুলাইয়ের রক্তাক্ত আত্মত্যাগের মধ্যে দিয়ে যে জাতীয় সংসদ, তার প্রথম অধিবেশনেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাক আমরা জনগণ টের পেয়েছি। জ্বালানি তেলের সংকট, মূল্যবৃদ্ধি, সংস্কার কার্যক্রম বাতিল করে দিয়ে গুম, হয়রানির পথ আবারও উন্মুক্ত করাসহ, স্বাস্থ্য খাতের ব্যর্থতা এই সংসদ কার্যকর সমাধান দিতে পারেনি। এমনকি যেই জনগণ এই সংসদকে নির্বাচিত করেছে, তাদের অবজ্ঞা করে সার্বভৌমত্ব নাকি সংসদের, জনগণের নয়–এই হাস্যকর দাবি তোলা হয়েছে। অথচ এই সংসদ চালাতে প্রতি মিনিটে জনগণের পকেট থেকেই খরচ হয় লাখ টাকার ওপরে।

আরিফ সোহেল আরও বলেন, জুলাই-পরবর্তী সংস্কারের প্রশ্নে কোনো আপস হওয়ার কথা না থাকলেও সংসদে ‘মিনমিনে বিরোধিতা’র মাধ্যমে জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে গণবিপ্লবী উদ্যোগের পক্ষ থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, পেশাজীবী সকল বর্গের নাগরিকদের নিয়ে আমরা জাতীয় সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে আলোচনা হওয়া কিংবা না হওয়া জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করছি। এই সংলাপ সংসদীয় পদ্ধতিতেই হবে এবং জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহীদের জন্য একটি রেজিস্ট্রেশন লিংক খোলা হয়েছে। চাইলে যে কেউ ফেসবুকে ‘People’s Revolutionary Initiative-Pri’ পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!