ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির সাংগঠনিক সভা আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৪৫ এএম

বিএনপির সাংগঠনিক সভা আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে আজ মতবিনিময় সভায় বসছে বিএনপি। দিনব্যাপী এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় আসা দলটি।

গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, সভায় বিএনপি এবং এর তিনটি শক্তিশালী অঙ্গসংগঠন-জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা ও দলীয় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান সভায় উপস্থিত থেকে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা প্রদান করবেন।

সভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সরকারের কর্মকাণ্ডের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করাই এই সভার মূল লক্ষ্য বলে জানা গেছে।

মতবিনিময়সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তাঁরা সাংগঠনিক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে সেসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ তথ্য উপস্থাপন করবেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!