জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এদিন প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রথম ৩০ মিনিটে আটটি তারকা চিহ্নিত প্রশ্ন ছিল। কিন্তু সব প্রশ্নই সরকারি দলের সংসদ সদস্যদের।
বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাদের প্রশ্ন করার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শক্তিশালী হবে।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।
এ পর্যায়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী আগে যে প্রশ্ন জমা পড়ে, সেটিই আগে সুযোগ পায়। বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাদের অসুবিধা। তবে বিরোধী দলের সদস্যরা যাতে প্রশ্ন করার সুযোগ পান, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
স্পিকার বলেন, দীর্ঘদিন ধরেই প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অতীতে প্রশ্ন জমা দেওয়া নিয়ে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
প্রশ্ন জমা দেওয়া নিয়ে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় উল্লেখ করে স্পিকার বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন। একই সঙ্গে বিরোধী দলের প্রশ্ন করার সুযোগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।






