ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একজন সাংবাদিকের প্রচেষ্টায় বিচ্ছেদের দ্বারপ্রান্ত থেকে স্বামী-স্ত্রীর মিল, পরিবারে ফিরল আনন্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

একজন সাংবাদিকের প্রচেষ্টায় বিচ্ছেদের দ্বারপ্রান্ত থেকে স্বামী-স্ত্রীর মিল, পরিবারে ফিরল আনন্দ

দীর্ঘদিনের পারিবারিক বিরোধে জর্জরিত একটি পরিবার। ন্যায়বিচার ও সমস্যার সমাধানের আশায় বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। বরং অনেক ক্ষেত্রেই এসেছে বিচ্ছেদের পরামর্শ। এতে পারিবারিক সংকট আরও ঘনীভূত হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে পরিবারটির দুটি সন্তান।

অবশেষে উপায় না পেয়ে ভুক্তভোগী পরিবারটি মাই টিভির দর্শক ফোরাম ও ফুলঝুড়ী বন্দর উন্নয়ন ক্লাবের কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানে উদ্যোগ নেন মাই টিভির বরগুনা প্রতিনিধি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম স্বপন।

গতকাল ফুলঝুড়ী বন্দর উন্নয়ন ক্লাবের কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম স্বপন, স্থানীয় ইউপি সদস্য কুটি শিকদার বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বামী-স্ত্রী উভয় পক্ষের বক্তব্য, অভিযোগ ও দীর্ঘদিনের বিরোধের বিভিন্ন দিক মনোযোগ দিয়ে শোনা হয়। আলোচনার মাধ্যমে বিরোধের মূল কারণ চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যকার দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে। বিচ্ছেদের দ্বারপ্রান্তে থাকা দম্পতি আবারও একে অপরের হাত ধরে সংসারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে দীর্ঘদিনের অশান্তির অবসান ঘটে এবং পরিবারে ফিরে আসে স্বস্তি ও আনন্দ। সবচেয়ে বেশি খুশি হয় তাদের দুটি সন্তান।

স্থানীয়রা বলেন, একটি পরিবার ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ায় বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে একজন সাংবাদিকের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় পারিবারিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে মাই টিভির বরগুনা প্রতিনিধি ও ফুলঝুড়ী বন্দর উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম স্বপন বলেন, অনেক মানুষ ন্যায়বিচার ও সমস্যার সমাধানের আশায় দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরেও কাঙ্ক্ষিত সহযোগিতা পান না। অনেক ক্ষেত্রে সামান্য ভুল বোঝাবুঝি বা পারিবারিক বিরোধ থেকেই একটি পরিবার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। অথচ আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব।

তিনি বলেন, মানুষের সমস্যাগুলো শুনে স্থানীয়ভাবে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি করাই মাই টিভির দর্শক ফোরাম ও ফুলঝুড়ী বন্দর উন্নয়ন ক্লাবের অন্যতম লক্ষ্য। বিশেষ করে কোনো পরিবার যেন অযথা ভেঙে না যায় এবং অসহায় মানুষ যেন সহযোগিতা পান, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পারিবারিক বিরোধ মীমাংসার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

প্রায় দুই বছর আগে যাত্রা শুরু করে মাই টিভির দর্শক ফোরাম ও ফুলঝুড়ী বন্দর উন্নয়ন ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। ইতোমধ্যে এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন