ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোরআন অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বহুমুখী হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম বায়জিদ (৩০)। তিনি একই ইউনিয়নের বাড়িখলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আটক বায়জিদ প্রতিনিয়ত মাদক সেবন করেন। দীর্ঘদিন যাবৎ কোরআনের ভুল আছে- এই রকম কথাবার্তা বলে আসছিলেন তিনি। শুক্রবার হঠাৎ করেই মাদরাসার ভেতরে প্রবেশ করে কোরআন হাতে নিয়ে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আটক করে রাখেন। পরে সন্ধ্যায় তাকে নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, কোরআন অবমাননার অভিযোগে এক যুবককে আটক করে রাখেন স্থানীয়রা। সন্ধ্যায় অনেক চেষ্টায় তাকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা খুব নাজুক হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এমএইচ






