ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী না : শিমুল বিশ্বাস

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম

বিএনপি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী না : শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী না হলেও, দেশের উন্নয়নের রাজনীতি করে। এজন্য আধুনিক বাংলাদেশ গঠনের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা হয়েছে।

গতকাল (শুক্রবার) বিকেলে যশোর জেলা শ্রমিকদলের আয়োজনে শহরের মুনসী মেহেরউল্লা ময়দানে (টাউন হল মাঠ) অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকশ্রেণি দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তারাই সবচেয়ে বেশি বঞ্চিত ছিল। দেশের প্রায় দুই কোটি মানুষ আজ বিদেশে অবস্থান করছে। দেশীয় এবং প্রবাসী উভয় শ্রমিকই দেশের অর্থনৈতিক ভিত ধরে রেখেছে। তিনি শ্রমিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভাগ্যবদলের জন্য সোনার বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শ্রমিকশ্রেণির ওপর অনেক বেশি। শ্রমিকরা যাদের পক্ষে থাকবে, বিজয় তাদেরই হবে।

এদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিকদের রক্ত ঝরেছে। তাদের রক্ত বৃথা যাবে না জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের টাকা চুরি করে যারা সিঙ্গাপুরে টাকার পাহাড় গড়ছেন, সেই সুবিধা বন্ধ করতে যে নেতা দায়িত্ব নেবে, তাকেই রাজনীতিতে টিকে থাকতে হবে।

স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিমুল বিশ্বাস বলেন, এ দেশের মানুষ আজ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সুস্বাস্থ্য নিশ্চিত করা না গেলে দেশ কীভাবে টিকে থাকবে? তাই এই খাতে বিএনপি বিশেষ নজর দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়কালে আপনারা বৈষম্যের শিকার হয়েছিলেন। নিশ্চয়ই আর সেই বৈষম্যের শিকার হতে কেউ চান না। বিএনপি আগামীদিনে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়। যে বাংলাদেশে রাজনৈতিক ভিন্নতার কারণে কাউকে আর হেয় প্রতিপন্ন হতে হবে না।’

অমিত বলেন, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন মুক্তভাবে বেঁচে থাকার স্বাধীনতা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, শ্রমিকদলের কেন্দ্রীয় সহসভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন