নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকের গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো দেওভোগ এলাকা। বৃহস্পতিবার (৮ মে) রাত গভীরে তার বাসভবন ‘চুনকা কুটির’ ঘিরে স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, রাতের একপর্যায়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল হঠাৎ আইভীর বাড়িতে প্রবেশ করে। এই খবরে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর শত শত মানুষ তার বাড়ির সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষুব্ধ জনতা ‘আইভী আপার’ মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। তাদের কেউ কেউ দুই পাশের রাস্তা বাঁশ ও ঠেলাগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখেন যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের হতে না পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদের মাইকে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।
স্থানীয় এক বাসিন্দা রফিক মিয়া বলেন, "পুলিশ দেখে সবাই ভাবল, আইভী আপাকে গ্রেপ্তার করতে এসেছে। এই খবর ছড়িয়ে পড়তেই সবাই রাস্তায় নেমে আসে। তবে তিনি সত্যিই আটক হয়েছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।"
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
এখন পর্যন্ত ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনও সরকারি বক্তব্য মেলেনি। তবে পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।





